প্রেমের জেরে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬
ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণীকে অপহরণ চেষ্টার অভিযোগে ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন ফেনী সদর এলাকার এবং বাকিরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা একটি হাইস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলে তারা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় গিয়ে কৌশলে এক তরুণীকে তুলে নেওয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে তারা ওই তরুণীর বাড়িতে ঢুকে স্বজনদের ভয়ভীতি দেখায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় বিট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করেন।



