ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) ও তার ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদ (১৬) ৯ দিন আগে নিখোঁজ হয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় ফেনীর দাগনভূঞা ও ঢাকার খিলগাঁও থানায় আলাদা আলাদা জিডি করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ মোহাম্মদ আতিক উল্যাহ প্রায় ১৫ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করেন এবং সপরিবার সেখানে বসবাস করেন। রমজানের কয়েকদিন আগে একাই গ্রামের বাড়িতে আসেন। তার বোনের পরিবারের সঙ্গে উপজেলার উত্তর চাডিপুরে ছিলেন তিনি। তার ভাগনে মোহাম্মদ হাফেজ আবুল বাশারের ছেলে মোহাম্মদ হুজাইফা তাহমিদ স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণিতে লেখাপড়া করে। ১৩ জুন দুপুরে মোহাম্মদ আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সঙ্গে ভাগনে হুজাইফা তাহমিদকে নেন। তারা ঢাকায় একদিন থাকবেন। তারপর আতিক উল্যাহ আবুধাবি চলে যাবেন, আর ভাগনে তাহমিদ বাড়ি চলে আসবেন এমনটাই কথা ছিল। বাড়ি থেকে বের হয়ে তারা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠেন। এরপর থেকেই মামা-ভাগনে নিখোঁজ রয়েছেন। দুজনের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ঢাকা ও এলাকার সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের কাছে খোঁজ করেও তাদের কোনো হদিস মেলেনি। আতিক উল্যাহ আবুধাবিতেও যাননি।
খোঁজাখুঁজির পর না পেয়ে ওই প্রবাসীর ভগ্নিপতি ও ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার ১৫ জুন দাগনভূঞা থানায় জিডি করেন। এ ছাড়া অপর এক আত্মীয় হাফেজ মো. মুনছুর আলম ১৭ জুন ঢাকার খিলগাঁও থানায় জিডি করেছেন।
দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহম্মদ পাঠান বলেন, জিডি করার পর সব থানায় খবর পাঠানো হয়েছে। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।



