ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও সমিতির অডিটর অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় এজলাস সংকটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন এবং বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, প্রায় ছয় বছর আগে ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।দ্রুত ভবন নির্মাণ শুরু করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এসময় আইনজীবী সমিতির নির্বাহী সদস্য আরিফুল ইসলাম,সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম মিন্টুসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।



